
রিমন পালিত:বান্দরবান: বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ব্রিগেড সদর দপ্তর মাঠ প্রাঙ্গনে এক বিশেষ মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। এই সময় ৬৯ পদাতিক ব্রিগেডের জিথ্রিআই ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম উপস্থিত থেকে এলাকার অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন ।
কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, গৃহহীনদের ঘর নির্মাণের জন্য টিন এবং কন্যা ও দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। 
স্থানীয়দের মতে, এই সহায়তাগুলো শুধু প্রয়োজন মেটাচ্ছে না বরং অনেক পরিবারের জীবনে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে। বিশেষ করে নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করার উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। 
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, যেকোনো সংকটে মানুষের আস্থার প্রতীক হিসেবে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দুর্গম পাহাড়ে সেনাবাহিনী শুধু নিরাপত্তা প্রদান করছে না বরং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সব মিলিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম আবারও প্রমাণ করেছে দেশের প্রতিটি সংকটে প্রতিটি মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী এক নির্ভরতার নাম।













