
রিমন পালিত: বান্দরবান : দীর্ঘ ৭৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী ভোটগ্রহণকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনে মোট ৩০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তালিকাভুক্ত ছিলেন। জেলার সাত উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট প্রদান করেন।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি এবং উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রাজেশ্বর দাশ বিপ্লব। কোষাধ্যক্ষ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দয়াল চৌধুরী।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রিটল কান্তি বিশ্বাস, সুজন চক্রবর্তী ও তপন চক্রবর্তী। এ পদকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং সারাদিন প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ৭৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সনাতনী সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে ঘিরে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটাররা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। পাশাপাশি বান্দরবানের সনাতনী সমাজের ঐক্য, সম্প্রীতি এবং মন্দিরের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোট গণনার মাধ্যমে সাধারণ সম্পাদক পদের ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে।











